নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা

নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটের দিন ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত।

মোটরসাইকেলের ক্ষেত্রে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজন ও নির্বাচন সংক্রান্ত কাজে শিথিলতা থাকবে।

নিষেধাজ্ঞার বাইরে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষক। জরুরি সেবা, ওষুধ, স্বাস্থ্যসেবা, সংবাদপত্র ও নির্বাচন সংশ্লিষ্ট যানবাহন চলাচলের সুযোগ পাবেন।

বিদেশগামী বা ফেরত যাত্রীদের বিমানবন্দর যাত্রায় পাসপোর্ট ও টিকিট দেখাতে হবে। নির্বাচনে প্রার্থী ও এজেন্টদের জন্যও বিশেষ সুবিধা থাকবে। প্রার্থী ও এজেন্টরা রিটার্নিং কর্মকর্তার অনুমতি ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে জিপ, কার বা মাইক্রোবাস ব্যবহার করতে পারবেন। সাংবাদিক ও পর্যবেক্ষকরা নির্বাচনী অনুমোদন সাপেক্ষে যানবাহন বা মোটরসাইকেল চালাতে পারবেন।

জাতীয় মহাসড়ক, বন্দর ও গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হবে। স্থানীয় পরিস্থিতি বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা বিধিনিষেধ কঠোর বা শিথিল করার ক্ষমতা রাখবেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন