ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নাহিদ জামান, মাদারীপুর: মাদারীপুরে কিশোর গ্যাং সংক্রান্ত একটি মামলায় গ্রীস প্রবাসী প্রান্ত হাওলাদারকে (২৮) গ্রেফতারের প্রতিবাদে এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে নারী-পুরুষ ও শিশুসহ কয়েক শ’ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রান্ত হাওলাদার দীর্ঘ ১০ বছর গ্রীসে ছিলেন এবং মাত্র এক মাস আগে দেশে ফিরে বিয়ে করেছেন। ঘটনার সময় তিনি তাঁর শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। কোনো ধরনের তদন্ত ছাড়াই তাকে পরিকল্পিতভাবে একটি কিশোর গ্যাং সংঘর্ষের মামলায় আসামি করে গ্রেফতার করা হয়েছে। এতে একজন নির্নিরপরাধ প্রবাসী হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে প্রান্ত হাওলাদারের মা আসমা বেগম কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। ও কোনোদিন রাজনীতির সঙ্গেও জড়িত ছিল না। সুষ্ঠু তদন্ত ছাড়াই ওকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমি আমার ছেলের মুক্তি ও ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, নির্দোষ কাউকে হয়রানি করার কোনো সুযোগ নেই। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পৌর শহরের লঞ্চঘাট এলাকার নুরু হাওলাদারের ছেলে প্রান্তের বিরুদ্ধে আনা এই মামলা প্রত্যাহার করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ