নির্বাচনী ইশতেহারেই প্রমাণ বিএনপি জনগণের দল: শিবগঞ্জে মীর শাহে আলম

নির্বাচনী ইশতেহারেই প্রমাণ বিএনপি জনগণের দল: শিবগঞ্জে মীর শাহে আলম

ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মীর শাহে আলম বলেছেন, বিএনপির ঘোষিত জনকল্যাণমুখী নির্বাচনী ইশতেহারেই প্রমাণ হয়েছে বিএনপি জনগণের দল ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শিবগঞ্জ পৌরসভার শব্দলদিঘী খেলার মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, “বিএনপির ইশতেহার কোনো কাল্পনিক প্রতিশ্রুতি নয়, এটি দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন। এতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা এবং বেকার তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। আমরা এমন এক রাষ্ট্র গড়তে চাই যেখানে মানুষের মৌলিক অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।”

পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় দুপুর থেকেই শিবগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ যোগ দেন। বিকেলের মধ্যেই পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়। নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

তিনি শিবগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের এই লড়াইয়ে ধানের শীষের বিকল্প নেই। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে আপনারা আপনাদের অধিকার বুঝে নিন এবং ধানের শীষকে বিজয়ী করুন।”

জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা শিবগঞ্জ উপজেলাকে বিএনপির দুর্গ হিসেবে উল্লেখ করে শতভাগ জয়ের প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন