নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস

নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) দায়িত্বশীল আচরণ করছে না এবং নির্বাচনের মাঠ সমতল করতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের সামনে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

মির্জা আব্বাস বলেন, “নির্বাচন কমিশন এখন পর্যন্ত আমাদের কোনো অভিযোগেরই সদুত্তর বা প্রতিকার দেয়নি। আমরা অনেকগুলো লিখিত অভিযোগ করেছি, কিন্তু একটারও রেসপন্স পাইনি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায়।”

একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “কিছু দলের কথা শুনে মনে হচ্ছে তারা যেন নির্বাচন জিতেই বসে আছে। আমরা দীর্ঘ বছর রাজনীতি ও নির্বাচন করছি, কিন্তু কোনোদিন আগে থেকে এমন প্রেডিকশন করতে পারিনি। জনগণই ঠিক করবে তারা কাকে ভোট দেবে।” তিনি আরও যোগ করেন, “অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে ঠিকই, কিন্তু প্রশাসন ও কমিশনের পক্ষপাতিত্ব পরিস্থিতিকে ঘোলাটে করছে। একটি ভুয়া ফলাফল নিয়ে কেউ সংসদে যাবে, এটা দেশের মানুষ মেনে নেবে না।”

সবশেষে মির্জা আব্বাস ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা সব চক্রান্তের জাল ছিঁড়ে নির্বাচনের দিন ভোটকেন্দ্রে যাবেন এবং যথাযথভাবে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনাদের ভোটই পারে একটি জবাবদিহিমূলক সরকার গঠন করতে।”

এ সময় ঢাকা-৮ আসনের বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন। নেতাকর্মীদের হাতে ধানের শীষের পোস্টার ও প্ল্যাকার্ডে পুরো শান্তিনগর এলাকা সরগরম হয়ে ওঠে।

মন্তব্য করুন