নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো লক্ষণ নেই: রংপুরে ইসি মাছউদ

নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো লক্ষণ নেই: রংপুরে ইসি মাছউদ

আবু রায়হান, রংপুর ব্যুরো: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক ও ভোটের সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আসছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, “এবারের নির্বাচনে কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের লক্ষণ আমরা লক্ষ্য করছি না। নির্বাচন সংশ্লিষ্ট সবাই একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মানসিকভাবে প্রস্তুত।”

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজে জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল, নির্বাচনি অনুসন্ধান কমিটি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 ইসি মাছউদ বলেন, বাংলাদেশের রাজনীতির পরিবেশে বড় পরিবর্তন এসেছে। বড় রাজনৈতিক দলগুলো কমিশনের অনুরোধে পোস্টার অপসারণ করেছে এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, “একটি দলের আমির নিজ থেকেই পোস্টার সরানোর নির্দেশ দিয়েছেন, যা সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির প্রমাণ।”

নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বক্তব্যকে ‘ভোটযুদ্ধ’ বা রাজনৈতিক কৌশল হিসেবে উল্লেখ করে তিনি একে সহিংসতার সাথে না মেশানোর আহ্বান জানান। শহীদ হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।

 ঢাকায় সাম্প্রতিক আন্দোলনের কারণে কমিশন কোনো চাপে আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচন কমিশন কোনো চাপের মধ্যে নেই। আমরা সবাইকে নির্বাচন বান্ধব পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানাই। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যথেষ্ট সন্তোষজনক রয়েছে।”

রংপুর জেলার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার ছয়টি সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন