বাংলাদেশে নিপাহ ভাইরাসে একজনের মৃত্যু: ডব্লিউএইচও

বাংলাদেশে নিপাহ ভাইরাসে একজনের মৃত্যু: ডব্লিউএইচও

বাংলাদেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে একজন নারী মারা গেছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই তথ্য জানিয়েছে। জানুয়ারি মাসে দেশের উত্তরাঞ্চলে ৪০–৫০ বছর বয়সী ওই নারী নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

ডব্লিউএইচও জানায়, ২১ জানুয়ারি তার শরীরে জ্বর, মাথাব্যথা, অতিরিক্ত লালা নিঃসরণ, মানসিক বিভ্রান্তি ও খিঁচুনি লক্ষণ দেখা দেয়। এক সপ্তাহের মধ্যে তার মৃত্যু হয় এবং পরের দিন নিপাহ ভাইরাস নিশ্চিত করা হয়। ওই নারীর বিদেশ ভ্রমণের ইতিহাস ছিল না, তবে তিনি কাঁচা খেজুরের রস পান করেছিলেন।

আক্রান্ত নারীর সংস্পর্শে আসা ৩৫ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল; পরীক্ষায় সবার ফলাফল নেগেটিভ এসেছে। নিপাহ ভাইরাস মূলত সংক্রমিত বাদুড়ের মাধ্যমে ছড়ায়। আক্রান্তদের মধ্যে মৃত্যুহার ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে, তবে এটি সহজে একজন থেকে অন্যজনের শরীরে ছড়ায় না।

বর্তমানে নিপাহ ভাইরাসের জন্য কোনও স্বীকৃত ওষুধ বা টিকা নেই। ২০২৫ সালে বাংলাদেশে ৪ জনের মৃত্যু ইতিমধ্যে নিশ্চিত হয়েছিল। ভারতের পশ্চিমবঙ্গে আক্রান্ত রোগীর পর মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও পাকিস্তানসহ কয়েকটি দেশে বিমানবন্দরে তাপমাত্রা পরীক্ষা জোরদার করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আন্তর্জাতিক সংক্রমণের ঝুঁকি বর্তমানে কম এবং কোনও দেশ বা বাণিজ্যের ওপর বিধিনিষেধের সুপারিশ করা হয়নি।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন