ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের সমর্থনে শেষ নির্বাচনী জনসভার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঐতিহাসিক কয়রা মদিনাবাদ হাইস্কুল মাঠে এই জনসমাবেশ অনুষ্ঠিত হবে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক, ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ইব্রাহিম রনি। এছাড়া ১১-দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।
জনসভা সফল করতে ইতোমধ্যে মদিনাবাদ হাইস্কুল মাঠে মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কয়রা উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ জনসভাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান সাংবাদিকদের জানান, “জনগণের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখে আমরা আশাবাদী। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে আমাদের প্রয়োজনীয় সমন্বয় সম্পন্ন হয়েছে।”
খুলনা-৬ আসনটি ঐতিহাসিকভাবে জামায়াতের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯১ ও ২০০১ সালে এ আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী জয়ী হয়েছিলেন। এবার দীর্ঘ সময় পর দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে মাঠে নামায় নেতাকর্মীদের মধ্যে বাড়তি প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কয়রা-পাইকগাছায় এবারের নির্বাচনে মূল লড়াই হতে পারে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ