ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহসিন মোল্লা, পটুয়াখালী: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ক্ষমতা বা সম্পদের জন্য নয়, বরং দেশ ও ইসলামের কল্যাণের লক্ষ্যেই তাদের রাজনীতি। তিনি দাবি করেন, পারিবারিক ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এমপি-মন্ত্রী হওয়া তাদের জন্য খুব সাধারণ বিষয় ছিল, কিন্তু তারা সেই পথে হাঁটেননি। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী শহীদ আলাউদ্দিন শিশু পার্কে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জনসভায় রেজাউল করিম বলেন, “এমপি-মন্ত্রী হওয়া ছিল আমাদের জন্য ওয়ান-টুর ব্যাপার। আমরা শুধু গদি দখলের জন্য রাজনীতি করি না। গত ৫৪ বছরে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় জাতি নতুন কোনো দিকনির্দেশনা পায়নি। তাই জুলুম, চাঁদাবাজি ও বৈষম্যমুক্ত একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে বিকল্প রাজনীতির কোনো বিকল্প নেই।”
জোট রাজনীতির সমীকরণ নিয়ে তিনি বলেন, হাতপাখা প্রতীক নিয়ে এককভাবে মাঠে নামার পর অনেকেই বিদ্রুপ করেছিল। কিন্তু আজ সারা দেশে ইসলামপ্রিয় ও দেশপ্রেমিক মানুষের যে স্বতঃস্ফূর্ত সমর্থন দেখা যাচ্ছে, তা প্রমাণ করে ইসলামী আন্দোলন একা নয়। তিনি দৃঢ়তার সাথে বলেন, “ইসলামের বিজয় নিশান এই দক্ষিণাঞ্চল থেকেই প্রথম উড়বে।”
বক্তব্য শেষে পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আবুল হাসান বোখারী-কে জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন এবং তাঁর হাতে নির্বাচনী প্রতীক ‘হাতপাখা’ তুলে দেন।
জনসভায় ইসলামী আন্দোলনের জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ হাজার হাজার সমর্থক উপস্থিত ছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ