৫ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

৫ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় আন্তঃনগর ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে বনের মাগুরছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর ফলে গত ৫ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামসহ সারাদেশের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া বনের পাহাড়ি পথ অতিক্রম করার সময় হঠাত ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে আটকা পড়ে। বনের ভেতর ট্রেনটি আটকা পড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের কয়েক শ’ যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

দীর্ঘ সময় বনের নির্জন এলাকায় ট্রেনটি আটকা পড়ে থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দেয়। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা খাবারের সংকটে ও গরমে চরম বিপাকে পড়েছেন। ট্রেনের অনেক যাত্রীকে দেখা গেছে বনের পথ পায়ে হেঁটে সড়কপথে গিয়ে বিকল্প যানবাহনের মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে।

কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার পলাশ দাশ ট্রেন আটকা পড়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনের লোকোমেটিভ ইঞ্জিন বিকল হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কুলাউড়া বা আখাউড়া থেকে উদ্ধারকারী লাইট ইঞ্জিন না আসা পর্যন্ত ট্রেনটি সরানো সম্ভব হচ্ছে না। উদ্ধারকারী ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আশা করা যাচ্ছে দ্রুতই রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

মন্তব্য করুন