নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী নুর

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী নুর

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একেবারে শেষ লগ্নে এসে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের (জিপিও) প্রার্থী মো. আব্দুন নুর। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বড়লেখার একটি স্থানীয় রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠুর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর জানান, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের নেওয়া রাজনৈতিক সমঝোতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “পরিবর্তনের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে, তা সফল করতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। আমি বড়লেখা ও জুড়ীবাসীকে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।” এ সময় বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠুসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পেছনে আব্দুন নুর রাজনৈতিক সমঝোতার পাশাপাশি প্রাণনাশের আশঙ্কার কথাও উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী গোষ্ঠী ও তাদের সহযোগীরা তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি তার নিজ বসতবাড়ির ভোটকেন্দ্র দখল করে নেওয়ার প্রকাশ্য হুমকিও দেওয়া হয়েছে।

টার্গেট কিলিং বা হামলার শঙ্কা প্রকাশ করে এই তরুণ নেতা বলেন, “হুমকির কারণে আমার জীবন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে জীবনের ঝুঁকি থাকলেও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লড়াই থেকে আমি পিছু হটব না।” প্রচারণা চলাকালীন সাধারণ ভোটারদের যে ভালোবাসা পেয়েছেন, তার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন