ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. মোকতার হোসেন, সোনারগাঁও: দিনাজপুর থেকে কুমিল্লা অভিমুখী ৪০০ বস্তা চালসহ ছিনতাই হওয়া একটি মালবাহী ট্রাক নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার আনন্দবাজার এলাকা থেকে ট্রাকটি উদ্ধার এবং রবিউল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
জানা যায়, পিরোজপুর-ট ১১-০১৪৫ নম্বরের ট্রাকটি ৪০০ বস্তা চাল নিয়ে দিনাজপুর থেকে কুমিল্লা-ফেনী অভিমুখে যাচ্ছিল। পথে সাভার এলাকায় একদল ছিনতাইকারী ট্রাকটির নিয়ন্ত্রণ নেয় এবং ধাওয়া করে সোনারগাঁওয়ের দিকে নিয়ে আসে। সোনারগাঁওয়ের আনন্দবাজার এলাকার একটি বালুর মাঠে ট্রাকটি চাকা ফেঁসে গেলে ছিনতাইকারীদের গতিবিধি দেখে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। মুহূর্তেই ঘটনাটি এলাকায় চাঞ্চল্য তৈরি করে এবং উৎসুক জনতার ভিড় জমে।
খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ৪০০ বস্তা চালসহ ট্রাকটি জব্দ করে। এসময় ঘটনার সাথে জড়িত সন্দেহে রবিউল নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, ছিনতাই হওয়া ট্রাক ও চাল উদ্ধারের খবর পাওয়া গেছে। একজন ব্যক্তিকে আটক করা হয়েছে বলে প্রাথমিক তথ্য রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ