আমতলী মাঠে অ্যাডভোকেট শাজাহান মিয়ার সমর্থনে উঠোন বৈঠক

আমতলী মাঠে অ্যাডভোকেট শাজাহান মিয়ার সমর্থনে উঠোন বৈঠক

আমিনুল ইসলাম সিয়াম, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা তুঙ্গে উঠেছে। এরই অংশ হিসেবে জামায়াত মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাজাহান মিয়ার সমর্থনে হাইমচরের চরভৈরবী ইউনিয়নে এক বিশাল উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে চরভৈরবী আমতলী এম জে এস কলেজ মাঠে এই বৈঠক অনুষ্ঠিত হয়। চরভৈরবী ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি আহমদ আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাজাহান মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাজাহান মিয়া বলেন, “একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। জনগণের ভোট ও সমর্থনে নির্বাচিত হলে হাইমচর ও সদরের অবহেলিত মানুষের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করব। দুর্নীতিকে ‘লাল কার্ড’ দেখিয়ে একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”

বিশেষ অতিথির বক্তব্যে হাইমচর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হোসেন ও সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন বাহার বলেন, এবারের নির্বাচন দেশের অস্তিত্ব রক্ষার নির্বাচন। তাই সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনে ভোটারদের ভুল করলে চলবে না। তারা উপস্থিত সাধারণ মানুষকে আগামী ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে কেন্দ্রে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা এনসিপির আহ্বায়ক প্রফেসর মোখলেছুর রহমান মুকুল, জাতীয় নাগরিক পার্টির চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য সর্দার মোহাম্মদ আলমাস, জামায়াত নেতা মোহাম্মদ আলী জিন্না কবিরাজ এবং ৪ নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন হাওলাদারসহ ১১-দলীয় জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন