শাহবাগ ছাড়লেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা, যান চলাচল স্বাভাবিক

শাহবাগ ছাড়লেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা, যান চলাচল স্বাভাবিক

জনগণের ভোগান্তি বিবেচনায় শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে দিয়েছেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশি হামলা ও ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে তারা মোড়ে অবস্থান নেন। তাদের হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

প্রায় ১৫ মিনিট অবস্থানের পর জনভোগান্তি বিবেচনায় মোড় ছেড়ে দেন আন্দোলনকারীরা। জানা গেছে, শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলের পর থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের পর আন্দোলনকারীরা যমুনার অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে। এতে ডাকসুর নেত্রী ফাতেম তাসনিম জুমা, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মাসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হলে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিসহ অন্তত ২০ জন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

ঢাকাবাসীর দুর্ভোগ ও ডাকসু নেতাদের আহ্বানের পর রাতে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত ঘোষণা করে শাহবাগ মোড় ছেড়ে দেন। এর পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন