শাহবাগ মোড় অবরোধ

শাহবাগ মোড় অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পুলিশি হামলা এবং ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টা থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ‘জুলাই ঐক্য’ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। জাতীয় পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে কয়েক শ’ নেতাকর্মী এই গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেওয়ায় চারদিকের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারের দাবিতে গত বৃহস্পতিবার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারীরা। শুক্রবার দুপুরে তারা যমুনার দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। জলকামান, টিয়ার গ্যাস ও লাঠিচার্জে ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা, রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

শুক্রবার সন্ধ্যায় আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে যেতে চাইলে পুলিশ আবারও লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিসহ আরও ২০ জন আহত হন। পরে সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে রাত সাড়ে ১০টার দিকে সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করা হয়েছিল।

আগের দিনের হামলার প্রতিবাদ এবং বিচার নিশ্চিতের দাবিতে আজ বিকেলে আবারও শাহবাগে জড়ো হন তারা। আন্দোলনকারীদের দাবি, ন্যায়বিচারের আন্দোলনকে দমন করতে পুলিশি শক্তি প্রয়োগ করা হচ্ছে এবং এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগ এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

মন্তব্য করুন