জাতীয় সংসদে এ পর্যন্ত বেসরকারি সদস্যদের ৯টি বিল পাস

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ণ
জাতীয় সংসদে এ পর্যন্ত বেসরকারি সদস্যদের ৯টি বিল পাস

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্বে নেই—এমন সংসদ সদস্যদের উত্থাপিত বিল বা 'বেসরকারি বিল' পাসের ইতিহাসে নতুন তথ্য উঠে এসেছে। স্বাধীনতার পর ১৯৭৩ সালের প্রথম সংসদ থেকে শুরু করে সদ্য সমাপ্ত দ্বাদশ সংসদ পর্যন্ত মাত্র ৯টি বেসরকারি বিল পাস হয়েছে।

মঙ্গলবার (১২ মে) জাতীয় সংসদে ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটির প্রথম বৈঠকে এই পরিসংখ্যান তুলে ধরা হয়।

পরিসংখ্যান অনুযায়ী, পাস হওয়া ৯টি বিলের মধ্যে আটটি বিল এসেছে সরকারি দল বা জোটের সদস্যদের পক্ষ থেকে। মাত্র একটি বিল পাস হয়েছে বিরোধী দলের সদস্যের পক্ষ থেকে। দেশের সংসদীয় ইতিহাসে প্রথম, ষষ্ঠ ও দ্বাদশ সংসদে কোনো বেসরকারি বিল উত্থাপনই করা হয়নি। এর মধ্যে ষষ্ঠ সংসদের মেয়াদ ছিল মাত্র ১২ দিন এবং দ্বাদশ সংসদের মেয়াদ ছিল ৬ মাস ৮ দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই এই কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহানের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে বিলের খসড়া প্রস্তুতে সংসদ সদস্যদের সহায়তা দিতে সংসদ সচিবালয়ের ‘লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিট’কে আরও সক্রিয় হওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সভাপতি মো. শাহজাহান ছাড়াও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, আমানউল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, তাহসিনা রুশদীর, মুহাম্মদ নওশাদ জমির, শাহজাহান চৌধুরী এবং নূরুল ইসলাম অংশ নেন।

সংসদীয় রীতি অনুযায়ী, অধিবেশন চলাকালীন সাধারণত সপ্তাহের বৃহস্পতিবার দিনটি বেসরকারি সদস্যদের কার্যদিবস হিসেবে প্রাধান্য পায়, যা সংসদীয় ভাষায় ‘বেসরকারি দিবস’ নামে পরিচিত।

মন্তব্য করুন