শাপলা চত্বরের বিচারহীনতাই জুলাই গণহত্যার জন্ম দিয়েছে: নাহিদ ইসলাম

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ণ
শাপলা চত্বরের বিচারহীনতাই জুলাই গণহত্যার জন্ম দিয়েছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: শাপলা চত্বরের গণহত্যা ঠেকানো গেলে জুলাইয়ে নতুন করে গণহত্যা হতো না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, "শাপলা গণহত্যা বাংলাদেশে এক বড় ক্ষত তৈরি করেছে। ১৩ দফা দাবি আপনি সমর্থন করতে পারেন বা না পারেন, কিন্তু আন্দোলনকারীদের ওপর গণহত্যা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই হত্যাকাণ্ডকে সমর্থন করা বা সাফাই গাওয়ার সংস্কৃতিই জুলাইয়ের গণহত্যার পথ প্রশস্ত করেছে।"

নাহিদ ইসলাম সে সময়কার রাজনৈতিক দলগুলোর ভূমিকার সমালোচনা করে বলেন, "আলেমদের হত্যার জন্য রাজনৈতিক দলগুলোর দায় আছে। তৎকালীন বিরোধী দল বিএনপি আলেমদের পাশে যথার্থভাবে দাঁড়াতে ব্যর্থ হয়েছে।" তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন মাদরাসার ছাত্রদের ‘জঙ্গি’ এবং দাড়ি-টুপিওয়ালাদের ‘শিবির’ বলে যে ট্যাগিং করত, তা আর মেনে নেওয়া হবে না।

দেশের মুক্তি ও সব আন্দোলনে আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে নাহিদ ইসলাম তাঁদের অবদান জাতীয় ইতিহাসে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

সীমান্ত হত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপি আহ্বায়ক বলেন, "সীমান্তে হত্যা বা কাঁটাতার দিয়ে বন্ধুত্ব হয় না। জুলাইয়ে এ দেশের মানুষ জীবন দিয়েছে বাংলাদেশকে কোনো দেশের করদ রাজ্য হিসেবে না দেখার জন্য।"

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আয়োজনে এই সভায় আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন