মোঃ দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত করে নির্মিত অবৈধ মাটির বাঁধ অপসারণ করেছে অভিযুক্ত কোম্পানি। মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ঘটনাস্থল পরিদর্শনের পর কোম্পানিটি এই উদ্যোগ নেয়।
মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার বাউশিয়া বড়কান্দী এলাকায় মেঘনা নদীর সংযোগ ‘গাদি কাটা’ খালের ওপর নির্মিত মাটির বাঁধটি এস্কেভেটর মেশিন দিয়ে অপসারণ করতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে খালের প্রবাহ বন্ধ থাকায় আশপাশের কৃষিজমি ও গ্রামে স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছিল।
স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক ও সাইফুল ইসলাম বলেন, এই খালটি কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঁধ দেওয়ার কারণে পানি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা চরম উদ্বেগের মধ্যে ছিলেন। সংসদ সদস্য দ্রুত ব্যবস্থা নেওয়ায় তাঁরা স্বস্তি প্রকাশ করেছেন।
সাহারা ট্রেডিং লিমিটেড-এর প্রজেক্ট ম্যানেজার আলী আহম্মদ দাবি করেন, শ্রমিকদের চলাচলের জন্য সাময়িকভাবে মাটির বাঁধ দেওয়া হয়েছিল। বর্তমানে সেটি সরিয়ে সেখানে একটি ব্রিজ নির্মাণ করে দেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, খালের স্বাভাবিক গতিপথ ঠিক রাখতে বিষয়টি কঠোর নজরদারিতে রাখা হয়েছে।
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, “খাল বা সরকারি জায়গা দখল করে কোনো অবৈধ স্থাপনা নির্মাণ বরদাস্ত করা হবে না। জনগণের স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।”
এ.আই.এল/সকালবেলা