আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ সামরিক অভিযানে ব্যয়ের লাগামহীন খতিয়ান প্রকাশ করেছে পেন্টাগন। মঙ্গলবার (১২ মে) বার্তা সংস্থা আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, এই অভিযানে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় ২৯ বিলিয়ন (২ হাজার ৯০০ কোটি) ডলার ব্যয় হয়েছে।
মার্কিন কংগ্রেসে আইনপ্রণেতাদের সামনে বক্তব্য দিতে গিয়ে পেন্টাগনের ভারপ্রাপ্ত কম্পট্রোলার জুলস হার্স্ট এই বিশাল ব্যয়ের তথ্য প্রকাশ করেন। তিনি জানান, এই ব্যয়ের সিংহভাগই ব্যবহৃত হয়েছে সামরিক সরঞ্জাম মেরামত, ক্ষয়ক্ষতি প্রতিস্থাপন এবং যুদ্ধের সার্বিক পরিচালন খাতে।
পেন্টাগন জানিয়েছে, সর্বশেষ হিসাব অনুযায়ী মোট ব্যয় আগের অনুমানের তুলনায় আরও ৪ বিলিয়ন ডলার বেড়েছে। গত মাসের শেষ দিকে যে প্রাক্কলন দেওয়া হয়েছিল, চলমান যুদ্ধের তীব্রতার কারণে তা বর্তমানে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হওয়ার সাথে সাথে এই বিশাল আর্থিক ব্যয় নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই রাজনৈতিক বিতর্ক জোরালো হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে ওয়াশিংটনের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ অসহনীয় হয়ে উঠতে পারে। বিশেষ করে মার্কিন জনগণের করের টাকার এই বিপুল পরিমাণ ব্যবহার আগামী নির্বাচনেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।