সরকারি কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহির নির্দেশ মৎস্যমন্ত্রীর

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ণ
সরকারি কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহির নির্দেশ মৎস্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: সরকার ঘোষিত ১৮০ দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর তদারকি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। 

মঙ্গলবার (১২ মে) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা প্রদান করেন।

মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত উন্নয়ন পরিকল্পনা ও সরকারের দলীয় অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যেই এই ১৮০ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।" তিনি কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।

মাঠপর্যায়ে কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিটি কার্যক্রমের সঠিক তথ্য-উপাত্ত ও প্রমাণ সংরক্ষণের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কারা কী সুবিধা পাচ্ছেন, তা জনবান্ধব উপায়ে প্রচার করতে হবে। শুধু ওয়েবসাইটে তথ্য দিলেই হবে না, বরং সাধারণ মানুষের কাছে উন্নয়ন কার্যক্রমগুলো সহজভাবে দৃশ্যমান করতে হবে।

মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সরকারের অঙ্গীকার বাস্তবায়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি এমন একটি জবাবদিহিমূলক পরিবেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে জনগণ আস্থা ও বিশ্বাসের সাথে সরকারের কার্যক্রম মূল্যায়ন করতে পারবে।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনসহ মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ও বিভিন্ন প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন