তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩-এর এক অভিযানে কালো পাথরের একটি মূল্যবান প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপুর নতুন বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখানে আব্দুর রউফের সার ও কীটনাশকের দোকানে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন— মো. আব্দুর রউফ (৬২) ও গণি মিয়া (৫৪)।
উদ্ধার হওয়া কালো পাথরের বিষ্ণুমূর্তিটির দৈর্ঘ্য প্রায় ১৬.৫ ইঞ্চি, প্রস্থ ৭.৫ ইঞ্চি এবং ওজন সাড়ে ৬ কেজি। অভিযানকালে ঘটনাস্থল থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তাঁরা মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করেছিলেন।
এ ঘটনায় প্রত্নসম্পদ সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তি ও আটক আসামিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বীরগঞ্জ থানায় হস্তান্তর করেছে র্যাব।
এ.আই.এল/সকালবেলা