সুন্দরগঞ্জে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

হাবিবুল্লাহ সরকার, সুন্দরগঞ্জ (গাইবান্ধা): "অধিকার আদায়ে আমরা সবাই একসাথে"—এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে প্রতিবাদী মানববন্ধন করেছেন বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। 

মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

সুন্দরগঞ্জ ফারিয়া সভাপতি মো. শাহীন আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন গাইবান্ধা জেলা ফারিয়া সাধারণ সম্পাদক মো. লাবলু সর্দার, কেন্দ্রীয় ফারিয়া সহ-সভাপতি আব্দুল মালেক ও সুন্দরগঞ্জ ফারিয়া সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মুহাম্মাদ মোজাহীদসহ আরও অনেকে। বক্তারা বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা স্বাস্থ্যখাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও মাঠপর্যায়ে তাঁদের প্রায়ই অপমান ও হয়রানির শিকার হতে হয়।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এদেশের শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও অনেক সময় তাঁদের 'দালাল' আখ্যা দিয়ে অবমূল্যায়ন করা হয়, যা অত্যন্ত অপমানজনক। তাঁরা বিক্রয় টার্গেট ও ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করার পাশাপাশি পেশাগত স্বীকৃতি, নিরাপত্তা এবং সম্মানজনক আচরণের দাবি জানান।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঈফফাত জাহান তুলির কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। নেতৃবৃন্দ স্পষ্ট জানান, তাঁদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে এবং নিজেদের অধিকার রক্ষায় তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন