সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে রাতভর অভিযান পরিচালনা করে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ মে) দিবাগত রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীন মিয়া ও সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মাটি কাটার সাথে জড়িত তিন চালক—আজিজুল হাকিম (২২), আল আমিন (২৫) ও হৃদয়কে (২৪) ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া দুই হেলপার নাইম (১৮) ও জুলহাসকে (২২) ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
অভিযান চলাকালে মাটি পরিবহনে ব্যবহৃত দুইটি মিনি ট্রাক ও দুইটি ট্যাফে ট্রাক্টর জব্দ করা হয়েছে। ইউএনও শাহীন মিয়া জানান, অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও কৃষিজমির জন্য অত্যন্ত ক্ষতিকর। জেলা প্রশাসক শরীফা হকের নির্দেশনায় জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এদিকে প্রশাসনের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে টাঙ্গাইলের স্থানীয় সচেতন মহল। অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে নিয়মিত বিরতিতে এমন ঝটিকা অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ.আই.এল/সকালবেলা