আন্তর্জাতিক ডেস্ক: সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়া বা কোমরের হাড় সরে যাওয়ার দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে করা তার এমআরআই রিপোর্টে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মঙ্গলবার (১২ মে) হাতে আসা এমআরআই রিপোর্টে দেখা যায়, পলকের মেরুদণ্ডের হাড়গুলো সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় রয়েছে। কোথাও কোনো হাড় ভাঙা বা হাড় সরে যাওয়ার চিহ্ন নেই। তবে রিপোর্টের তথ্য অনুযায়ী, তার কোমর ও ঘাড়ের কিছু অংশে ‘ডিস্ক বাল্জ’ বা ডিস্কজনিত সমস্যা ধরা পড়েছে। বিশেষ করে কোমরের L2-L3, L3-L4 এবং ঘাড়ের C5-C6 অংশে এই সমস্যাগুলো রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এতে স্নায়ু বা স্পাইনাল কর্ডের কোনো গুরুতর ক্ষতি হয়নি।
এমআরআই পরীক্ষার পাশাপাশি পলকের হৃদযন্ত্রের পরীক্ষাও (ইকোকার্ডিওগ্রাফি) করা হয়েছে, যার ফলাফল স্বাভাবিক এসেছে। চিকিৎসকদের মতে, তার বর্তমান শারীরিক সমস্যাগুলো মূলত মাংসপেশি ও ডিস্কজনিত। পর্যাপ্ত বিশ্রাম ও নিয়মিত ফিজিওথেরাপির মাধ্যমেই এটি নিরাময় সম্ভব।