স্বর্ণের দামে বিশ্ববাজারে বড় পতন; দেশের বাজারে ভরি কত?

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ণ
স্বর্ণের দামে বিশ্ববাজারে বড় পতন; দেশের বাজারে ভরি কত?

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে ডলার ও তেলের দাম বাড়ার প্রভাবে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। মঙ্গলবার (১২ মে) দিনের শুরুতে তিন সপ্তাহের সর্বোচ্চ পর্যায় থেকে স্বর্ণের দাম অনেকটাই নিচে নেমে এসেছে। তবে বিশ্ববাজারের এই পতনের আঁচ এখনো দেশের বাজারে লাগেনি; এখানে গত সপ্তাহে নির্ধারিত চড়া দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু।

রয়টার্সের তথ্যমতে, আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৮ দশমিক ২২ ডলারে নেমেছে। মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনায় অচলাবস্থা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শর্ত প্রত্যাখ্যান করায় সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা অস্থির হয়ে পড়েছেন। এছাড়া ডলারের মান শক্তিশালী হওয়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা এখন ব্যয়বহুল হয়ে পড়েছে। স্বর্ণের পাশাপাশি রুপার দাম ২.৪ শতাংশ এবং প্ল্যাটিনামের দাম ৩.১ শতাংশ কমেছে।

বিশ্ববাজারে পতন চললেও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৭ মে নির্ধারিত দামই বহাল রেখেছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সে সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল।

  • ২২ ক্যারেট (প্রতি ভরি): ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

  • ২১ ক্যারেট (প্রতি ভরি): ২ লাখ ৩৩ হাজার ৬২২ টাকা (পূর্বের হিসাব অনুযায়ী)।

  • ১৮ ক্যারেট (প্রতি ভরি): ২ লাখ ২৩০ টাকা (পূর্বের হিসাব অনুযায়ী)।

চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৮ বার কমানো হয়েছে। সর্বশেষ গত ৭ মে থেকে কার্যকর হওয়া দামটিই মঙ্গলবার (১২ মে) পর্যন্ত বাজারে বহাল রয়েছে।

মন্তব্য করুন