যুদ্ধবিরতি শেষ হতেই ইউক্রেনে হামলা শুরু রাশিয়ার

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ণ
যুদ্ধবিরতি শেষ হতেই ইউক্রেনে হামলা শুরু রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার তিন দিনের সংক্ষিপ্ত যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে এক পোস্টে জানান, "শত্রুপক্ষের ড্রোন এই মুহূর্তে কিয়েভের আকাশে অবস্থান করছে। সতর্কতা সংকেত শেষ না হওয়া পর্যন্ত দয়া করে নিরাপদ আশ্রয়ে থাকুন।" গত শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর রাজধানীতে সাইরেন বাজার এটিই প্রথম নিশ্চিত ঘটনা। কিয়েভ আঞ্চলিক সামরিক প্রশাসন নাগরিকদের বাঙ্কারে থাকার নির্দেশ দিয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে।

উল্লেখ্য যে, গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের বার্ষিকী উদযাপনের কয়েক ঘণ্টা আগে এই তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন যে, এই বিরতি দীর্ঘমেয়াদী সংঘাতের "শেষের শুরু" হিসেবে কাজ করবে।

ট্রাম্পের ঘোষিত সময়সীমা অনুযায়ী যুদ্ধবিরতি ৯ মে থেকে ১১ মে পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল। তবে এই সংক্ষিপ্ত সময়েও উভয় দেশ একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই কিয়েভে নতুন করে হামলা শুরু হওয়ায় শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে পুনরায় অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সূত্র: টিআরটি উর্দু।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন