সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের আরও দুই মামলায় জামিন আবেদন

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ণ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের আরও দুই মামলায় জামিন আবেদন

নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা ও তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতিসহ ৫ মামলায় জামিন বহালের পর এবার আরও দুই মামলায় জামিন চেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। 

মঙ্গলবার (১২ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলাসহ মোট ৫টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। এর মধ্যে রায় জালিয়াতি ও দুদকের প্লট জালিয়াতির মামলাও অন্তর্ভুক্ত ছিল।

গত ৮ ও ১১ মার্চ হাইকোর্ট পৃথক আদেশে খায়রুল হকের ৫টি মামলায় জামিন মঞ্জুর করেছিলেন। রাষ্ট্রপক্ষ এই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করলে গত ২৮ এপ্রিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেন। ফলে ওই ৫ মামলায় তার জামিন বহাল থাকে।

জামিন বহাল থাকলেও নিম্ন আদালতে নতুন করে আরও দুটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলা দুটি রাজধানীর যাত্রাবাড়ী ও মিরপুর থানায় দায়ের করা। নিম্ন আদালতে জামিন না পাওয়ায় তিনি পুনরায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

২০১০ সালের সেপ্টেম্বরে দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান এ বি এম খায়রুল হক। ২০১১ সালের মে মাসে অবসরের পর তিনি তিন মেয়াদে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন