নাসিরনগরে সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ণ
নাসিরনগরে সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সামজাদ জসি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় তিন কিলোমিটার দীর্ঘ একটি সড়ক পুনঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার ধরমন্ডল ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই নির্মাণকাজটি শুরু হয়েছে। প্রকল্পটি দৌলতপুর মেইন রোডের মলাই মিয়ার জমি থেকে শুরু হয়ে সাইয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে বড় বাড়ি জামে মসজিদ পর্যন্ত বিস্তৃত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি এম এ হান্নান বলেন, “টেকসই যোগাযোগ ব্যবস্থা একটি অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। এই সড়কটি নির্মিত হলে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট লাঘব হবে।”

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাছরিন-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন এবং ধরমন্ডল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে একই স্থানে একটি মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা বর্তমান সমাজে মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং যুবসমাজকে এই মরণব্যাধি থেকে দূরে রাখতে সামাজিক প্রতিরোধের আহ্বান জানান।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন