চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় স্ত্রীর মর্যাদা পাওয়ার দাবিতে স্বামী মাজারুল ইসলাম রাকিবের বাড়িতে অনশন শুরু করেছেন ময়না খাতুন নামে এক নারী।
মঙ্গলবার (১২ মে) দুপুর থেকে সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া গ্রামে এই অনশন কর্মসূচি শুরু হয়। ময়না খাতুন সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ি গ্রামের আজিজ সরকারের মেয়ে।
ভুক্তভোগী ময়না খাতুন জানান, সলঙ্গার হাটিকুমরুল ইউনিয়নের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত রাকিবের সাথে তাঁর গত ৮ মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। ময়নার অন্যত্র বিয়ে ঠিক হলে রাকিব তা ভেঙে দেন এবং তাঁর খালুকে সাথে নিয়ে কাজীর মাধ্যমে ময়নাকে বিয়ে করেন। বিয়ের পর কিছুদিন যোগাযোগ রাখলেও সম্প্রতি রাকিব সব ধরণের যোগাযোগ বন্ধ করে দেন। ময়না খাতুন হুঁশিয়ারি দিয়ে বলেন, “রাকিব আমাকে স্ত্রীর অধিকার না দিলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো পথ নেই।”
ময়না খাতুন ওই বাড়িতে অনশন শুরু করার পর থেকে রাকিব ও তাঁর পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে রাকিবের মা বিয়ের বিষয়টি অস্বীকার করে দাবি করেন, টিকটকের মাধ্যমে তাঁদের পরিচয় হয়েছিল এবং বিয়ের দাবিটি সম্পূর্ণ মিথ্যা। তিনি আরও জানান, তাঁর ছেলেকে কোনোভাবেই ময়নার সাথে বিয়ে দেওয়া হবে না।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনো অবগত নন। তবে ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ.আই.এল/সকালবেলা