কমলগঞ্জে নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ কিশোর আটক

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ণ
কমলগঞ্জে নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ কিশোর আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৭ হাজার পিস অবৈধ নাসির বিড়িসহ মাহি আহমেদ (১৭) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার রহিমপুর ইউনিয়নের বাবুরবাজার এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালীন তাকে আটক করা হয়। আটককৃত মাহি উপজেলার ছয়কুট গ্রামের জামাল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, চলমান পুলিশ সপ্তাহ উপলক্ষে কমলগঞ্জ থানা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাবুরবাজার এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। বিকেলে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় মাহির মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করতে তাকে থামানো হয়। এসময় তার আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তার সাথে থাকা স্কুল ব্যাগ ও বাজার ব্যাগ তল্লাশি করে। তল্লাশিতে আমদানি নিষিদ্ধ ৭ হাজার পিস নাসির বিড়ি উদ্ধার করা হয়।

একই অভিযানে সোমবার সন্ধ্যা পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন বিহীন ৯টি মোটরসাইকেল এবং ২টি সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়েছে। পুলিশ সপ্তাহ উপলক্ষে গত দুই দিনের অভিযানে মোট ২৫টি মোটরসাইকেল ও ৫টি অটোরিকশা আটক করে মামলা দেওয়া হয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অবৈধ পণ্য চোরাচালান রোধ এবং লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আটককৃত কিশোরের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ প্রচলিত নিয়মে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন