রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ময়মনসিংহের যুবক রহিম

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ণ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ময়মনসিংহের যুবক রহিম

নিজস্ব প্রতিবেদক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় নিহত ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের নামাপাড়া গ্রামের যুবক আব্দুর রহিমের (৩০) বাড়িতে চলছে শোকের মাতম। তিন ভাইয়ের মধ্যে সবার বড় রহিমের মৃত্যুতে তার বৃদ্ধ বাবা-মা এখন বাকরুদ্ধ।

রহিমের বাবা আজিজুল হক স্থানীয় একটি মসজিদের ইমাম। সংসারে চরম অভাবের কারণে উদ্ভিদবিদ্যার ছাত্র রহিম লেখাপড়া ছেড়ে ২০১৫ সালে সিঙ্গাপুর যান। সেখানে সাত বছর থেকেও ভাগ্যের পরিবর্তন না হওয়ায় ২০২৪ সালে ঋণের বোঝা মাথায় নিয়ে দালালের মাধ্যমে রাশিয়া পাড়ি জমান। পরিবার জানত তিনি সেখানে সাধারণ শ্রমিক হিসেবে কাজ করছেন।

পরিবার জানায়, গত ২ এপ্রিল রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় রহিমের মৃত্যু হয়। রহিমের সাথে থাকা লিমন দত্ত নামের এক যুবক ফোন করে এই দুঃসংবাদটি দেন। লিমনের দেওয়া তথ্য মতে, রহিমসহ আরও কয়েকজন দালালের প্ররোচনায় রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, যা পরিবারের সদস্যরা জানতেন না। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুশ সেনার পোশাকে রহিমের ছবি দেখে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

মঙ্গলবার (১২ মে) রহিমের বাড়িতে গিয়ে দেখা যায় হৃদয়বিদারক দৃশ্য। নতুন বাড়ি করার স্বপ্ন নিয়ে ইট কিনলেও এখন সেখানে কেবল স্বজনদের কান্না। বাবা আজিজুল হক বলেন, "ধারদেনা করে ছেলেকে পাঠিয়েছিলাম। সে যুদ্ধে গেছে তা জানতাম না। এখন সরকারের কাছে শুধু একটাই আবেদন, আমার ছেলের লাশটা যেন দেশে আনার ব্যবস্থা করা হয়।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ এবং স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন নিহতের পরিবারকে সান্ত্বনা দেন। তারা জানান, লাশ দেশে আনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দ্রুত যোগাযোগ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হবে। সেই সাথে চিহ্নিত দালালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা।

মন্তব্য করুন