নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব বলেছেন, “জনগণ কর্তৃক নির্বাচিত বর্তমান সরকার অতি অল্প সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করবে। চীন এই প্রকল্পে অর্থায়ন ও কারিগরি সহায়তা দেবে।”
সোমবার (১১ মে) দুপুরে লালমনিরহাট জেলা স্টেডিয়াম মাঠে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব জানান, প্রধানমন্ত্রী শীঘ্রই চীন সফর করবেন এবং এই সফরের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনায় বড় ধরনের অগ্রগতি হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের এই দাবি দ্রুতই বাস্তবায়িত হবে।
নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে ত্রাণমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির মহাপরিকল্পনা নিয়েছেন। বেকারত্ব দূর করতে সরকারি ও বেসরকারি উভয় খাতে নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া হতদরিদ্রদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফের মতো কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে। খাল খনন কর্মসূচির মাধ্যমেও স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিত করা হচ্ছে।”
ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তুলতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির কথা উল্লেখ করে মন্ত্রী জানান, প্রতিটি ইউনিয়নে আট একর আয়তনের খেলার মাঠ এবং প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।
সরাসরি বুড়িমারী-ঢাকা ট্রেন চলাচল শুরু না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। ইঞ্জিন ও বগির স্বল্পতার কারণে কিছুটা দেরি হচ্ছে। তবে রেলমন্ত্রী আশ্বস্ত করেছেন, নতুন বগি ও ইঞ্জিন এলে দ্রুতই বুড়িমারী এক্সপ্রেস পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।”