কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানো যাবে না: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ণ
কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানো যাবে না: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, “কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ভয় দেখানোর কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষ বা সরকার—কেউই কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার, সেখানে আমরা অবশ্যই কথা বলব।”

সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, “হাসিনা সরকারের আমলে আমরা সীমান্তে বহু মানুষকে গুলি করে হত্যা বা কাঁটাতারে ঝুলিয়ে রাখার মতো মর্মান্তিক দৃশ্য দেখেছি। ইনশাআল্লাহ, সীমান্ত আর কোনোদিন ওই অবস্থায় ফিরে যাবে না। আর যদি কেউ সেই চেষ্টা করে, তবে এই বাংলাদেশ বসে দেখবে না। কী করতে হবে সে বিষয়ে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে।”

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্কের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “ভারত সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে, ভারতে আশ্রয়ে থাকা শেখ হাসিনা সেখান থেকে বাংলাদেশে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না। আমরা আঞ্চলিক শান্তি বজায় রাখতে সংলাপের পক্ষে।” পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠন নিয়ে তিনি জানান, বাংলাদেশের প্রাথমিক সম্পর্ক থাকবে কেন্দ্রীয় সরকারের সঙ্গেই এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশ হস্তক্ষেপ করবে না।

সম্প্রতি নিজের চীন সফরকে ‘সফল’ উল্লেখ করে হুমায়ুন কবির জানান, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে আলোচনার ভালো অগ্রগতি হয়েছে। চীনের এক্সিম ব্যাংক এই প্রকল্পে অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে, যা বাংলাদেশের জন্য ইতিবাচক।

মন্তব্য করুন