গার্মেন্টসে ঈদের ছুটি ধাপে ধাপে

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ণ
গার্মেন্টসে ঈদের ছুটি ধাপে ধাপে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে যানজট কমাতে এক বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। যাত্রী ভোগান্তি কমাতে এবার গার্মেন্টস কারখানাগুলো পর্যায়ক্রমে বা ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের এই পরিকল্পনার কথা জানান সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

সড়ক মন্ত্রী জানান, গত ঈদুল ফিতরে হঠাৎ করে সব গার্মেন্টস একসঙ্গে ছুটি দেওয়ার ফলে মহাসড়কে ব্যাপক জনচাপ তৈরি হয়েছিল এবং যাতায়াতে বেশ বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার যাত্রী ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ঘরমুখো মানুষ ও পশুবাহী ট্রাকের চাপ সড়কে সুষমভাবে বণ্টন হবে বলে আশা করা হচ্ছে।

সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালিত হবে। মহাসড়কে যানজট ব্যবস্থাপনা এবং পশুবাহী ট্রাকের চলাচল সুশৃঙ্খল করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। গত ঈদুল ফিতরের সময়কার ত্রুটি-বিচ্যুতি নিরসনে আগেভাগেই বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে সরকার।

সরকারের এই সমন্বিত উদ্যোগের ফলে আসন্ন কোরবানির ঈদে সাধারণ মানুষের বাড়ি ফেরার পথ অনেকটা সহজ ও স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন