কলাপাড়ায় ১৭ বছর অবরুদ্ধ দুই পরিবার

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ণ
কলাপাড়ায় ১৭ বছর অবরুদ্ধ দুই পরিবার

আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের চিংগড়িয়া এলাকায় চলাচলের পথ বন্ধ করে দুটি পরিবারকে দীর্ঘ ১৭ বছর ধরে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। প্রতিবেশী পরিতোষ শীল ও হরিদাস শীলের অমানবিক আচরণে চরম ভোগান্তিতে রয়েছে শৈলেন চন্দ্র শীল ও অনিল চন্দ্র শীলের পরিবার।

ভুক্তভোগী পরিবার জানায়, মাত্র এক ফুটেরও কম সরু পথ দিয়ে যাতায়াত করতে হয় তাঁদের। সেই পথেও যেন কেউ চলতে না পারে, সেজন্য সেখানে ধারালো ব্লেড ও ভাঙা কাঁচ ফেলে রাখা হয়। প্রতিবেশী পরিতোষ ও হরিদাস পৌরসভার সড়কের আওতাভুক্ত জমি দখল করে ঘর নির্মাণ করায় এই সংকটের সৃষ্টি হয়েছে। এ নিয়ে প্রতিবাদ করলে উল্টো চারটি মামলা দেওয়া হয়, যার প্রতিটির রায় অনিলদের পক্ষে এসেছে।

আদালতের রায় পেয়ে গত ২২ এপ্রিল অনিল শীল পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। পৌর কর্তৃপক্ষ তদন্ত শেষে সড়কের জায়গা নির্ধারণ করে খুঁটি স্থাপন করে এবং ঘর সরাতে পরিতোষকে সময় বেঁধে দেয়। তবে ঘর না সরিয়ে উল্টো পৌরসভার সচিবসহ তিনজনকে বিবাদী করে নতুন করে আরও একটি মামলা দায়ের করেছেন অভিযুক্ত পরিতোষ। ফলে রাস্তা উদ্ধারের প্রক্রিয়া পুনরায় আইনি জটিলতায় থমকে গেছে।

অভিযুক্ত পরিতোষ শীল জানান, তাঁর ক্রয়কৃত জমিতে ঘাটতি থাকায় তিনি মামলা করেছেন এবং ভুক্তভোগীদের দলিলে কোনো রাস্তার উল্লেখ নেই। অন্যদিকে, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. কাউছার হামিদ জানান, সড়ক দখলের বিষয়টি দীর্ঘদিনের। পৌরসভার পক্ষ থেকে সমাধানের চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন