বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল সাইফ

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ণ
বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল সাইফ

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাবার মরদেহ বাড়িতে রেখে চোখের জলে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সাইফ হোসেন (১৬) নামের এক পরীক্ষার্থী। 

সোমবার (১১ মে) সকাল ১০টায় বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষায় অংশ নেয় সে।

সাইফ হোসেন উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। সে সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের বাসিন্দা এবং মাটিকাটা পুরাতন জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবদুল বাছেদের (৫৪) ছেলে। স্বজনেরা জানান, গত বৃহস্পতিবার আবদুল বাছেদ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে ঢাকায় নেওয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

সোমবার ভোররাত পাঁচটার দিকে বাবার মরদেহ বাড়িতে আনা হলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের সান্ত্বনা ও উৎসাহে সাইফ পরীক্ষাকেন্দ্রে গেলেও মানসিকভাবে ভেঙে পড়েছিল। বাদশাগঞ্জ কেন্দ্রের কেন্দ্রসচিব নজরুল ইসলাম জানান, পরীক্ষার হলে সাইফ অধিকাংশ সময় কান্না করছিল। শিক্ষকরা তাকে সাহস জুগিয়ে পরীক্ষা শেষ করতে সাহায্য করেন।

পরীক্ষা শেষে সাইফ হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলে, “আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। পরীক্ষায় অংশ নিলেও বারবার আব্বার মুখটাই মনে পড়ছিল।”

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বেলা ২টা ২০ মিনিটের দিকে জানাজা শেষে আবদুল বাছেদকে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বাবাকে শেষ বিদায় জানিয়ে সাইফ এখন স্তব্ধ।

মন্তব্য করুন