নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্যের প্রসার এবং সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী আঞ্চলিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
রোববার (১০ মে) অনুষ্ঠিত এই আলোচনায় উভয় পক্ষ ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একমত পোষণ করেছেন। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে নিয়মিত প্রতিনিধি দল বিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি উল্লেখ করেন, তাঁর দেশে বর্তমানে বিদেশি অংশীদারদের জন্য বাণিজ্য ও উন্নয়ন খাতে বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান দ্বন্দ্ব নিরসনে পাকিস্তানের মধ্যস্থতা ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেন। আঞ্চলিক কূটনীতি এবং বিশ্বব্যাপী সংঘাত নিরসনে ইসলামাবাদের ক্রমবর্ধমান ভূমিকার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান ও পরিচালক শামীমা ইয়াসমিন উপস্থিত ছিলেন। পাকিস্তানের পক্ষে হাইকমিশনার ইমরান হায়দারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধিত্ব করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য পাকিস্তান সফর এবং এই ধরনের উচ্চপর্যায়ের আলোচনা দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং দীর্ঘস্থায়ী সহযোগিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।