মুখ্যমন্ত্রী হয়েই প্রশাসনে বড় রদবদল শুভেন্দুর

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ণ
মুখ্যমন্ত্রী হয়েই প্রশাসনে বড় রদবদল শুভেন্দুর

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই প্রশাসনিক স্তরে বড় ধরনের রদবদল ঘটিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি মোট ১০ জন সরকারি কর্মকর্তাকে বদলি করেছেন, যার মধ্যে ৯ জনকেই নিয়োগ দিয়েছেন নিজের দপ্তরে। এই তালিকায় সবচেয়ে আলোচিত নাম বিতর্কিত রিটার্নিং কর্মকর্তা সুরজিৎ রায়।

সুরজিৎ রায় এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর নিয়োগের সময় সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আপত্তি জানিয়েছিলেন। মমতার অভিযোগ ছিল, সুরজিৎ রায় আগে নন্দীগ্রামে বিডিও থাকাকালীন শুভেন্দুর জয়ে বিশেষ ভূমিকা রেখেছিলেন। এবারও ভবানীপুর আসনে শুভেন্দুর কাছে পরাজিত হয়েছেন মমতা। শপথ নেওয়ার পরপরই সেই সুরজিৎ রায়কে নিজের খাস দপ্তরে নিয়ে এলেন শুভেন্দু।

শুভেন্দু তাঁর উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তা সুব্রত গুপ্তকে, যিনি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার দায়িত্বে ছিলেন। এছাড়া, সম্প্রতি নিহত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের শূন্য পদে শান্তনু বালাকে নিয়োগ দেওয়া হয়েছে।

শুভেন্দুর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে বড় অগ্রগতি হয়েছে। পুলিশ উত্তরপ্রদেশ ও বিহার থেকে তিন সন্দেহভাজনকে আটক করেছে। তারা হলেন—রাজ সিং, মায়াঙ্ক রাজ মিশ্র এবং ভিকি মুর্জ।

তদন্তকারী দল (সিট) জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটি ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল। খুনিরা গাড়ি ও মোটরসাইকেল ফেলে গা ঢাকা দিলেও সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তি ব্যবহার করে তাঁদের ধরার চেষ্টা চলছে। উল্লেখ্য, গত ৬ মে মধ্যমগ্রামে আততায়ীদের গুলিতে প্রাণ হারান চন্দ্রনাথ রথ।

মন্তব্য করুন