মো. ফরহাদ মিয়া, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরেই মেডিকেল কলেজ স্থাপন করা হবে বলে ঘোষণা দিয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
সোমবার (১১ মে) বেলা ১১টায় ২৫০ শয্যাবিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে ‘স্বাস্থ্যব্যবস্থাঃ বর্তমান থেকে ভবিষ্যৎ’ শীর্ষক এই সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি রতন বলেন, জেলার মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা দিতে সদর উপজেলাকে কেন্দ্র করেই স্বাস্থ্যখাতের বড় প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসক, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
ড্যাব মুন্সীগঞ্জ জেলার সহ-সভাপতি ডা. কে এম ফারুকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম ইরাদত মানু। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. কে এম মজিবুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমদ, সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. দেওয়ান নিজাম উদ্দিন আহমেদ (হেলাল)। সভায় মুন্সীগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধি এবং স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ.আই.এল/সকালবেলা