যুক্তরাষ্ট্র ‘অযৌক্তিক’ দাবি জানাচ্ছে: তেহরান

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র ‘অযৌক্তিক’ দাবি জানাচ্ছে: তেহরান

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ বন্ধের আলোচনায় যুক্তরাষ্ট্র ‘অযৌক্তিক’ ও ‘একতরফা’ দাবি জানাচ্ছে বলে অভিযোগ করেছে ইরান। 

সোমবার (১১ মে) তেহরানে আয়োজিত এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ মন্তব্য করেন।

গত রোববার পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠায়। তবে সেই প্রস্তাবের শর্তগুলো পছন্দ হয়নি জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একে ‘একবারেই অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেন।

এর জবাবে বাঘাই বলেন, “আমরা কোনো বাড়তি সুবিধা চাইনি। আমাদের দাবি ছিল ন্যায্য। আমরা কেবল যুদ্ধ বন্ধ, মার্কিন অবরোধ ও জলদস্যুতার অবসান এবং অন্যায়ভাবে আটকে রাখা ইরানি সম্পদের মুক্তি চেয়েছি।” তিনি দাবি করেন, হরমুজ প্রণালি উন্মুক্ত করা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইরানের প্রস্তাব ছিল অত্যন্ত দায়িত্বশীল ও উদার।

ট্রাম্প ও ইরানের মধ্যকার এই বাগযুদ্ধ ও পাল্টাপাল্টি অবস্থানের প্রভাবে জ্বালানি তেলের বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। সোমবার সকালে এশিয়ায় অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ৪.৬৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৯.৯৫ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ডব্লিউটিআই তেলের দামও ৪ শতাংশের বেশি বেড়ে ১০৫.৫ ডলারে দাঁড়িয়েছে।

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌযান চলাচল স্বাভাবিক করতে ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে ৫০টি দেশের একটি সামরিক জোট গঠনের প্রক্রিয়া চলছে। এ প্রসঙ্গে বাঘাই সতর্ক করে বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঔদ্ধত্যের কাছে ইউরোপীয় দেশগুলোর নতি স্বীকার করা উচিত নয়। হরমুজ প্রণালি বা পারস্য উপসাগরে যেকোনো বহিঃশক্তির হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং তেলের দাম আরও বাড়িয়ে দেবে।”

মন্তব্য করুন