বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ণ
বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের ইন্তেকাল

মো: মামুন রহমান, আটোয়ারী (পঞ্চগড়): পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো: সাইদুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

সোমবার (১১ মে) ব্রেন স্ট্রোকজনিত সমস্যায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। তিনি বলরামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। মোঃ সাইদুর রহমান ১৯৮৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ৩৮ বছর অত্যন্ত সুনামের সঙ্গে বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি এলাকার উন্নয়ন ও জনসেবায় এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর বীরত্বগাথা এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে বলরামপুর ইউনিয়নসহ পুরো আটোয়ারী উপজেলা জুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণ। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন