ট্রাম্প মিডিয়ার লোকসান ৪০ কোটি ৬০ লাখ ডলার

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ণ
ট্রাম্প মিডিয়ার লোকসান ৪০ কোটি ৬০ লাখ ডলার

আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এর মূল প্রতিষ্ঠান ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’ (TMTG) বড় ধরনের আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে। ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) প্রতিবেদনে কোম্পানিটি প্রায় ৪০ কোটি ৬০ লাখ ডলার লোকসানের কথা জানিয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির আয় হয়েছে মাত্র ৮ লাখ ৭০ হাজার ডলারের কিছু বেশি। নিট বিক্রি গত বছরের তুলনায় ৬ শতাংশ বাড়লেও অন্যান্য খাতে বিশাল বিনিয়োগই এই লোকসানের মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

দ্য গার্ডিয়ানের খবর অনুযায়ী, এই ক্ষতির সিংহভাগই এসেছে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল সম্পদ থেকে। ২০২৫ সালে কোম্পানিটি প্রায় ৩৫০ কোটি ডলারের বিটকয়েন কিনেছিল একটি বড় তহবিল তৈরির লক্ষ্য নিয়ে। কিন্তু এরপর বিটকয়েনের বাজারমূল্য প্রায় এক-তৃতীয়াংশ কমে যাওয়ায় কোম্পানিটিকে কেবল এই খাত থেকেই ৩৬ কোটি ৮০ লাখ ডলার লোকসান গুনতে হয়েছে। এছাড়া কর্মীদের শেয়ারভিত্তিক ভাতা ও সুদের পেছনেও বড় অংকের ব্যয় হয়েছে।

এত বড় লোকসানের পরও কোম্পানির অন্তর্বর্তীকালীন সিইও কেভিন ম্যাকগার্ন আশাবাদী। তিনি ট্রুথ সোশ্যালকে বাক্‌স্বাধীনতার একটি ‘দুর্গ’ হিসেবে অভিহিত করে আধুনিক প্রযুক্তি যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। লোকসানের খবরের মাঝেই কোম্পানিটি ক্যালিফোর্নিয়াভিত্তিক পারমাণবিক ফিউশন কোম্পানি ‘টিএই টেকনোলজিস’-এর সঙ্গে ৬০০ কোটি ডলারের একটি চুক্তির ঘোষণা দিয়েছে। ফিউশন প্রযুক্তির মাধ্যমে এআই (AI) ডেটা সেন্টারগুলোয় বিদ্যুৎ সরবরাহ করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে তাদের।

২০২১ সালে ক্যাপিটল হিলে হামলার পর ফেসবুক ও এক্স (সাবেক টুইটার) থেকে নিষিদ্ধ হয়ে ট্রাম্প এই প্ল্যাটফর্মটি চালু করেছিলেন। রাজনৈতিকভাবে এটি সফল হলেও ব্যবসায়িক সাফল্যের মুখ দেখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মন্তব্য করুন