বরিশালে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের ডাক

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ণ
বরিশালে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের ডাক

সাঈদ পান্থ, বরিশাল: বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় মাদকের বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরওয়ার। 

সোমবার (১১ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

সাংসদ সরওয়ার বলেন, "বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে ইয়াবা ও অন্যান্য মাদকের ব্যবহার ভয়াবহ হারে বাড়ছে। এর ফলে তাদের বোধশক্তি লোপ পাচ্ছে, যা সমাজে নানা বিশৃঙ্খলা সৃষ্টির অন্যতম কারণ।" মাদকের কারণে সমাজে যেন কোনো বিপর্যয় না ঘটে, সে ব্যাপারে প্রশাসনসহ সাধারণ মানুষকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি।

এমপি সরওয়ার উল্লেখ করেন যে, শুধুমাত্র আইনি ব্যবস্থার মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়; এর জন্য তরুণদের পড়াশোনা, খেলাধুলা ও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত রাখতে হবে। তরুণ সমাজকে মাদকের কুপ্রভাব থেকে দূরে রাখতে খেলাধুলার মাঠ ও পাঠাগারের গুরুত্ব অপরিসীম বলে তিনি মনে করেন।

বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এস.এম. মনজুর-এ-এলাহী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বেলাল হোসাইন এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান। এছাড়াও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন