জঙ্গল সলিমপুরে দুটি পুলিশ একাডেমি স্থাপনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ণ
জঙ্গল সলিমপুরে দুটি পুলিশ একাডেমি স্থাপনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: পুলিশ বাহিনীর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দুটি নতুন পুলিশ প্রশিক্ষণ একাডেমি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (১১ মে) সকালে রাজধানীর শাপলা হলে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই ঘোষণা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গল সলিমপুরে প্রস্তাবিত দুটি একাডেমির মধ্যে একটি হবে সাধারণ পুলিশ সদস্যদের জন্য এবং অন্যটি বিশেষভাবে এলিট ফোর্সের প্রশিক্ষণের জন্য। এলিট ফোর্সের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার একটি আলাদা 'লেজিসলেশন' বা আইন প্রণয়ন করতে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোকে আধুনিকায়ন করা হবে এবং জমি প্রাপ্তি সাপেক্ষে একটি পূর্ণাঙ্গ ‘পুলিশ স্পোর্টস কমপ্লেক্স’ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া অপারেশনাল কার্যক্রমে স্বচ্ছতা আনতে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানোর পাশাপাশি পুলিশ ক্লিয়ারেন্স ও অনলাইন জিডি সেবা দ্রুততম সময়ে নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

অপরাধ দমনে পুলিশকে আরও কৌশলী হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বলপ্রয়োগ নীতি অনুসরণে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অপরাধ দমনে কোনো অবস্থাতেই মানবাধিকার লঙ্ঘন করা যাবে না।”

উল্লেখ্য, চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এই এলাকায় উচ্ছেদ অভিযান ও টহল দিতে গিয়ে এর আগে র‍্যাব কর্মকর্তা নিহত হওয়াসহ পুলিশ ও জেলা প্রশাসনের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে এই দুর্গম এলাকায় অপরাধীদের দৌরাত্ম্য কমবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন