তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় লিচু খাওয়ার সময় গলায় আটকে ইয়াসিন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১১ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন হাটবাড়ী গ্রামের শাহীন মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়িতে পরিবারের সবার সঙ্গে লিচু খাচ্ছিল ইয়াসিন। লিচু খাওয়ার একপর্যায়ে হঠাৎ একটি আস্ত লিচু তার গলায় আটকে যায়। এতে সে প্রচণ্ড শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় ইয়াসিনের পরিবারে এখন শোকের মাতম চলছে। ছোট একটি লিচু যে এমন প্রাণঘাতী হতে পারে, তা ভেবে পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল শিশুদের ফল বা পিচ্ছিল কোনো খাবার খাওয়ানোর সময় অভিভাবকদের আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।
এ.আই.এল/সকালবেলা