৪ শতাংশ বাড়ল তেলের দাম

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ণ
৪ শতাংশ বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব্যাপক বৃদ্ধি ঘটেছে। 

সোমবার (১১ মে) সকাল থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়ে যায়।

আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৪.১৬ ডলার বা ৪.১১ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০৫.৪৫ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪.৩৮ ডলার বা ৪.৫৯ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৯.৮০ ডলারে দাঁড়িয়েছে।

গত সপ্তাহে ১০ সপ্তাহ ধরে চলা সংঘাত অবসানের আশায় তেলের দামে ৬ শতাংশ পতন হয়েছিল। ধারণা করা হয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন পুনরায় স্বাভাবিক হবে। কিন্তু ট্রাম্পের কঠোর অবস্থানে সেই সম্ভাবনা ম্লান হয়ে যাওয়ায় বাজারে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে। উল্লেখ্য, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিটি এখনো প্রায় বন্ধ অবস্থায় রয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর সিইও আমিন নাসের রোববার জানিয়েছেন, যুদ্ধের কারণে গত দুই মাসে বিশ্ব বাজার থেকে প্রায় এক বিলিয়ন ব্যারেল তেল হারিয়ে গেছে। তিনি সতর্ক করে বলেন, যদি তেল সরবরাহ পুনরায় শুরুও হয়, তবুও জ্বালানি বাজার স্থিতিশীল হতে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে।

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই কূটনৈতিক টানাপড়েন বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

মন্তব্য করুন