ইনসাফের দাবিতে জনগণের রক্ত রাষ্ট্রের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে: বাংলাদেশ গ্রীন পার্টি

ইনসাফের দাবিতে জনগণের রক্ত রাষ্ট্রের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে: বাংলাদেশ গ্রীন পার্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ গ্রীন পার্টি। শনিবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি জানায়, ন্যায়বিচারের দাবিতে আন্দোলনরত জনগণের রক্ত ঝরানো রাষ্ট্রের ‘সবুজ নৈতিকতাকে’ প্রশ্নবিদ্ধ করছে।

গ্রীন পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার চাওয়া জনগণের ন্যায্য অধিকার। জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে যুক্ত এই দাবিকে শক্তি দিয়ে দমন করার কোনো নৈতিক বৈধতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেই। রাষ্ট্রের অর্গানগুলোর স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠায় জাতিসংঘের অধীনে তদন্তের দাবিটি অত্যন্ত যৌক্তিক।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সরকার দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী ২৩ জন আহত হওয়ার ঘটনা প্রমাণ করে যে, সেখানে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ হয়েছে। গ্রীন পার্টি মনে করে, আগ্নেয়াস্ত্র ব্যবহার না করলেই রাষ্ট্র তার দায় এড়াতে পারে না।

দলটি ক্ষোভ প্রকাশ করে জানায়, একদিকে পতিত ফ্যাসিবাদী অপরাধীদের বিরুদ্ধে শৈথিল্য দেখানো হচ্ছে, অন্যদিকে ইনসাফের দাবিতে দাঁড়ানো সাধারণ মানুষ, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর চড়াও হচ্ছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর এই ‘পক্ষপাতমূলক’ আচরণ দৃশ্যমান হয়ে উঠছে বলে তারা মনে করেন।

আসন্ন নির্বাচনের প্রাক্কালে সহিংসতা ও দমননীতি পরিহার করে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ গ্রীন পার্টি। তারা একই সঙ্গে আন্দোলনকারীদের সংরক্ষিত এলাকায় কর্মসূচি পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সংযম বজায় রাখার পরামর্শ দেয়। দলটি স্পষ্টভাবে জানায়, হাদি হত্যার বিচারে দেরি বা অস্পষ্টতা জনঅসন্তোষ আরও বাড়িয়ে দেবে।

মন্তব্য করুন