ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একটি বিশেষ রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এই অভিযোগ তুলে ধরেন।
মাহদী আমিন বলেন, “লক্ষ্মীপুরে ভোটের জাল সিল তৈরির ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিক গ্রেপ্তার হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি জানিয়েছেন, জামায়াতে ইসলামীর একজন নেতার নির্দেশেই এসব সিল তৈরি করা হয়েছে। হোয়াটসঅ্যাপে পাওয়া অর্ডারের তথ্য ও সংশ্লিষ্ট প্রার্থীর সঙ্গে ওই প্রেস মালিকের ঘনিষ্ঠতার প্রমাণ পাওয়া গেছে, যা নির্বাচনকে প্রভাবিত করার একটি গভীর ষড়যন্ত্র।” তিনি এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন আরও জানান, ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে বিপুল সংখ্যক বোরখা ও নিকাব প্রস্তুত করা হয়েছে বলে তারা খবর পাচ্ছেন। এর উদ্দেশ্য হলো পরিচয় লুকিয়ে জাল ভোট দেওয়া। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনকে (ইসি) প্রতিটি নারী কক্ষে পর্যাপ্ত নারী পোলিং অফিসার নিয়োগ এবং পরিচয় নিশ্চিত করতে এনআইডি বা হজের মতো মুখমণ্ডল খুলে ভোটার শনাক্তকরণ পদ্ধতি কার্যকর করার আহ্বান জানান।
নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ নিয়েও তীব্র আপত্তি জানায় বিএনপি। মাহদী আমিন বলেন, “পাশা (পাসা) নামক একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানকে একাই ১০ হাজার ৫৫৯ জন পর্যবেক্ষক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। অথচ গণমাধ্যমের অনুসন্ধানে দেখা গেছে, হবিগঞ্জের একটি গ্রামের এক কক্ষের বাসায় ওই সংস্থার কার্যালয় এবং লোকবল বলতে একজনই।” তিনি অভিযোগ করেন, পর্যবেক্ষকের নামে একটি বিশেষ রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা থাকা প্রতিষ্ঠানগুলোকে নিয়োগ দেওয়া সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়।
মাহদী আমিন আরও উল্লেখ করেন যে, রাজধানীর সূত্রাপুরে ওই দলের এক নেতার বাড়ি থেকে ১৫২টি ক্রিকেট স্টাম্প উদ্ধার করা হয়েছে, যা নির্বাচনের সময় দেশব্যাপী সহিংসতার প্রস্তুতির ইঙ্গিত দেয়। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহের মাধ্যমে ডিজিটাল কারচুপির আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ