নতুন মন্ত্রিসভায় ঢাকার দাপট, তলানিতে সিলেট

নতুন মন্ত্রিসভায় ঢাকার দাপট, তলানিতে সিলেট

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার শপথ নেওয়া ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভায় আঞ্চলিক আধিপত্য বজায় রেখেছে ঢাকা বিভাগ। নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের তালিকা বিশ্লেষণে দেখা গেছে, নির্বাচনী আসন ও জন্মসূত্রে ঢাকা বিভাগ থেকে সর্বোচ্চ ১৩ জন স্থান পেয়েছেন। সংখ্যার বিচারে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখান থেকে ১১ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তবে মন্ত্রিসভায় সবচেয়ে কম প্রতিনিধিত্ব রয়েছে সিলেট বিভাগের; চায়ের দেশের মাত্র দুজন নেতা পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগ থেকে পাঁচজন করে এবং খুলনা ও ময়মনসিংহ বিভাগ থেকে চারজন করে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

বিভাগওয়ারি বন্টনে ঢাকা বিভাগ থেকে পররাষ্ট্র মন্ত্রী (টেকনোক্র্যাট) হিসেবে খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম শপথ নিয়েছেন। এছাড়া এই বিভাগ থেকে প্রতিমন্ত্রী হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ে শরিফুল আলম, কৃষি ও মৎস্যে সুলতান সালাউদ্দিন টুকু, যুব ও ক্রীড়ায় (টেকনোক্র্যাট) আমিনুল হক, সড়ক ও সেতুতে হাবিবুর রশিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ইশরাক হোসেন, শিক্ষায় ববি হাজ্জাজ এবং সংস্কৃতিতে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

চট্টগ্রাম বিভাগ থেকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী দীপেন দেওয়ান এবং শিক্ষা মন্ত্রী হিসেবে আ ন ম এহসানুল হক মিলন দায়িত্ব পেয়েছেন। এছাড়া মোহাম্মদ আমিন উর রশীদ (কৃষি, টেকনোক্র্যাট) মন্ত্রী হিসেবে এবং মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (পার্বত্য চট্টগ্রাম) ও জুনায়েদ আব্দুর রহিম সাকি (অর্থ ও স্বরাষ্ট্র) প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

অন্যান্য বিভাগের মধ্যে রংপুরের মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার মন্ত্রী এবং রাজশাহীর ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। বরিশালের হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং গণঅধিকার পরিষদের নুরুল হক নুর হয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। খুলনার নিতাই রায় চৌধুরী সংস্কৃতি এবং মো. আসাদুজ্জামান আইন মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। ময়মনসিংহে কোনো পূর্ণ মন্ত্রী না থাকলেও এম রশিদুজ্জামান মিল্লাত ও কায়সার কামালসহ চারজন প্রতিমন্ত্রী হয়েছেন। সবশেষে সিলেট বিভাগ থেকে খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য ও শিল্প মন্ত্রী এবং আরিফুল হক চৌধুরী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন