পার্বত্য মন্ত্রণালয়ের ইতিহাসে প্রথম বাঙালি প্রতিমন্ত্রী

পার্বত্য মন্ত্রণালয়ের ইতিহাসে প্রথম বাঙালি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার পর থেকে মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী পদে সাধারণত পাহাড়ি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদেরই নিয়োগ দেওয়া হতো। তবে দীর্ঘদিনের সেই রেওয়াজ ভেঙে এবারই প্রথমবারের মতো এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদে একজন বাঙালিকে নিয়োগ দিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। তিনি হলেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

একইসঙ্গে এই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন রাঙামাটি আসন থেকে নির্বাচিত জনপ্রিয় বিএনপি নেতা ও আইনজীবী দীপেন দেওয়ান। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মন্ত্রী পদে একজন পাহাড়ি এবং প্রতিমন্ত্রী পদে একজন বাঙালিকে নিয়োগ দিয়ে সরকার পার্বত্য অঞ্চলের ভূ-রাজনীতিতে একটি ভারসাম্য আনার চেষ্টা করেছে। ব্যারিস্টার মীর হেলাল সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সৌদি আরবে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও প্রয়াত ডালিয়া নাজনীন নাসিরের একমাত্র পুত্র।

এদিকে, মন্ত্রী হিসেবে দীপেন দেওয়ান এবং প্রতিমন্ত্রী হিসেবে মীর হেলালের নিয়োগে পার্বত্য চট্টগ্রামজুড়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়ে স্থানীয়রা আশা প্রকাশ করছেন, পাহাড় ও সমতলের নেতৃত্বের এই সমন্বয়ের ফলে পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে এবং মন্ত্রণালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য বাস্তবায়নে তারা নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন