ভারতে ইসরায়েলি পর্যটককে গণধর্ষণ ও হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড

ভারতে ইসরায়েলি পর্যটককে গণধর্ষণ ও হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড

পুলিশি হেফাজতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কর্ণাটক রাজ্যে এক ইসরায়েলি পর্যটকসহ দুই নারীকে গণধর্ষণ এবং এক স্থানীয় যুবককে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) কর্ণাটকের কোপ্পাল জেলার একটি আদালত এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—মল্লেশ (হান্দিমল্লা), সাইকুমার এবং শরনবাসভারাজ।

স্থানীয় গণমাধ্যম ও জেরুজালেম পোস্টের বরাতে জানা যায়, কোপ্পাল জেলায় সংঘটিত এই নৃশংস ঘটনায় দোষী সাব্যস্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেছেন বিচারক সদানন্দ নাগাপ্পা নাইক। মামলার বিবরণে জানা যায়, ঘটনার দিন স্থানীয় এক হোমস্টে মালিক মহারাষ্ট্র ও ওড়িশা থেকে আসা দুই ভারতীয়, একজন আমেরিকান ও একজন ইসরায়েলি পর্যটককে নিয়ে দর্শনীয় স্থান ভ্রমণে বের হন। পথিমধ্যে মোটরসাইকেলে আসা তিন অভিযুক্ত ‘আর্থিক বিরোধ’ মেটানোর কথা বলে তাদের গতিরোধ করে। বাকবিতণ্ডার একপর্যায়ে অভিযুক্তরা পর্যটক দলের তিন পুরুষ সদস্যকে পাশের একটি খালে ফেলে দেয় এবং তাদের লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে যেন তারা উঠে আসতে না পারে। এতে ঘটনাস্থলেই হোমস্টে মালিকের মৃত্যু হয়। আমেরিকান পর্যটকের সহায়তায় একজন প্রাণে বাঁচলেও, দুর্বৃত্তরা দুই নারীকে জিম্মি করে গণধর্ষণ করে।

দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ, হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ ধারায় হত্যার দায়ে এবং গণধর্ষণের অপরাধে আদালত তাদের আমৃত্যু কারাদণ্ডের বদলে ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত’ মৃত্যুদণ্ডের আদেশ দেন। এই রায়কে ভারতের বিচার ব্যবস্থার এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন